পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পিসিবির

আপডেট : ২২ মার্চ ২০২৬, ২০:১০

এবার একই সময়ে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এতেই বেধেছে বিপত্তি। আইপিএলে দল পেয়ে শেষ মুহূর্তে পিএসএল ছেড়ে গেছেন অনেক ক্রিকেটার। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

আইপিএল চুক্তির কারণে পিএসএল থেকে সরে গেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও শ্রীলঙ্কার দাসুন শানাকা। এ ছাড়া কারণ দেখিয়ে পাকিস্তানের লিগ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রেজার-ম্যাগার্ক, গুড়াকেশ মোতি ও স্পেনসার জনসনের মতো ক্রিকেটাররা।

পিএসএল থেকে সরে যাওয়া খেলোয়াড়দের প্রসঙ্গে নাকভি মনে করিয়ে দেন গত বছর করবিন বশকে এক বছরের জন্য নিষিদ্ধ করার ঘটনা। পিসিবি প্রধান বলেন, ‘আমরা নিয়ম অনুযায়ী ওই (পিএসএল থেকে সরে দাঁড়ানো) খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘আইপিএলের সঙ্গে সূচি মিলে যাওয়াটা বড় সমস্যা নয়, কারণ অনেক তারকা খেলোয়াড় এখানেও আসছেন। বছরের অন্য কোনো সময়ে ফাঁকা উইন্ডো না থাকায় আমরা পিএসএল পেছাতে পারছি না।’

আগামী ২৬ মার্চ পর্দা উঠবে পিএসএলের এবারের আসরের, আর আগামী ৩ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।

ইত্তেফাক/জেডএইচ