উপকূলে হামলা হলে পুরো পারস্য উপসাগরে মাইন বসানোর হুমকি ইরানের

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৫:২৫

ইরানের উপকূল বা দ্বীপে হামলা হলে পুরো পারস্য উপসাগর মাইন পেতে অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা পরিষদ। সোমবার (২৩ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে জানানো হয়, ইরানের এই উচ্চপর্যায়ের নিরাপত্তা সংস্থা বলেছে, যুদ্ধরত নয় এমন দেশগুলোর জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলের একমাত্র উপায় হলো ইরানের সঙ্গে সমন্বয় করা।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের উপকূল বা দ্বীপে কোনো শত্রুপক্ষ হামলার চেষ্টা করলে পারস্য উপসাগর ও উপকূলজুড়ে সব প্রবেশপথ ও যোগাযোগের রুটে বিভিন্ন ধরনের নৌ মাইন পেতে দেওয়া হবে।

এতে কার্যত পুরো পারস্য উপসাগর অচল হয়ে পড়বে বলে উল্লেখ করে প্রতিরক্ষা পরিষদ। এমন পরিস্থিতির দায় ‘হুমকি প্রদানকারী পক্ষকেই’ নিতে হবে বলেও সতর্ক করা হয়।

এর আগে ইরানের সামরিক বাহিনী ঘোষণা দেয়, হরমুজ প্রণালি পুনরায় চালু না হলে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি বাস্তবায়ন করলে, তারা প্রণালিটি বন্ধ করে দেবে এবং আঞ্চলিক অবকাঠামোতে হামলা চালাবে।

ইত্তেফাক/কেএইচ