ভোলার সদর উপজেলার একটি পুকুরে মাছ ধরার সময় শপিং ব্যাগে মোড়ানো একটি পিস্তল দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে।
সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. জসিম নামে এক স্থানীয় বাসিন্দা ওই পুকুরের পানি সেচে হাত দিয়ে মাছ ধরছিলেন। এ সময় শপিং ব্যাগ মোড়ানো একটি পিস্তল দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে।
ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করেছি। তবে এটি দেশি না বিদেশি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
