রিয়াল সভাপতিকে জোড়া গোল উপহার ভিনিসিয়ুসের

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৮:০২

মাদ্রিদ ডার্বিতে শুরুতেই পিছিয়ে পড়েছিল রিয়াল। তবে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোরা। রিয়াল মাদ্রিদকে সমতা এনে দেওয়ার পর জয়সূচক গোলও আসে ভিনি পা থেকে। 

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দলকে এমন জয় একটি জয় এনে দিতে পেরে বেশ খুশি ভিনিসিয়ুস। তিনি বলেন, ‘কৃতিত্বটা আসলে সবার— কোচ, খেলোয়াড় ও ভক্ত। ভালো লাগছে, কারণ মৌসুমজুড়ে এমন ম্যাচেরই প্রস্তুতি নিই।’  

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি সব সময় ভিনিসিয়ুসকে ম্যাচে জোড়া গোল করতে বলেন। এ নিয়ে সর্বশেষ দুটি ম্যাচেই জোড়া গোলের দেখা পেয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও দুটি গোল করায় সর্বশেষ দুই ম্যাচে ৪ গোল হলো ভিনির। এ প্রসঙ্গে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘সভাপতি সব সময় আমাকে জোড়া গোল করতে বলেন। আজ তার জন্য দুটি গোল করেছি।’

নতুন কোচ আলভারো আরবেলোয়া রিয়ালে আসা পর আবার নিজের সেই চিরচেনা ছন্দে ফিরছেন ভিনিসিয়ুস। আরবেলোয়া রিয়াল কোচ হয়ে আসার পর এ পর্যন্ত ১৭ ম্যাচে ১১ গোল করেছেন ভিনি। তার পূর্বসূরি জাবি আলোনসো কোচ থাকতে ৩৪টি ম্যাচে ভিনি গোল করেছিলেন মাত্র ৭টি।

ভিনিসিয়ুসের এমন দুর্দান্ত পারফরম্যান্সে বেশ খুশি আরবেলোয়া। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে তাকে পেয়ে আমি সৌভাগ্যবান। জানি না সে ক্যারিয়ারের সেরা ফর্মে আছে কি না। (তা না হলেও) সেখান থেকে বেশি দূরে নেই। আরও একটি ম্যাচে ভিনি নিজের প্রতিভা, সাহস ও জাতটা চেনালো।’

ইত্তেফাক/জেডএইচ