আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর। এই আসরে খেলবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। মঙ্গলবার (২৪ মার্চ) পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দেশ ছেড়েছেন তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন।
এর আগে সোমবার (২৩ মার্চ) পাকিস্তানের উদ্দেশে রওনা দেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। বাকি থাকা এই দুই ক্রিকেটারও আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি সকালের ফ্লাইটে পাকিস্তানের পথে যাত্রা করেন।
দেশ ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরাই নিশ্চিত করেছেন দুই ক্রিকেটার। রিশাদের সঙ্গে ছবি পোস্ট করে তামিম লিখেছেন, এখন পিএসএলে অংশ নেওয়ার সময়।
পিএসএলে এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।
পরবর্তীতে পেসার শরীফুল ইসলাম এবং তানজিদ তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরীফুল এবং তানজিদ তামিমকে। এ ছাড়া মোস্তাফিজ ও পারভেজ ইমন লাহোর এবং রিশাদ গায়ে জড়াবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি।
আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশের এই ৬ ক্রিকেটার। নিউজিল্যান্ড সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।
