মানুষের নিরাপদ ফিরতি যাত্রা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য: নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০১:৪০

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, এই মুহূর্তে আমাদের লক্ষ্য হল- এই যে লক্ষ লক্ষ মানুষ ঈদে বাড়িতে এসেছে তাদেরকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নিয়ে তাদের কর্মস্থলে যোগ দেওয়ার ব্যবস্থা করা। আমরা চাই মানুষের ফিরতি যাত্রা নিরাপদ হোক। 

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টায় ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ পরিদর্শন ও যাত্রীদের সঙ্গে আলাপের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভোলার ইলিশাঘাট দেশের ব্যস্ততম নদী বন্দরের একটি। এখানে প্রচুর জাহাজ চলাচল করে। তাই ঘাটের আধুনিকীকরণ সময়ের দাবি। ঈদ যাত্রা শেষ হলে আমরা কাজ শুরু করব।’

তিনি আরও জানান, যাত্রীদের নিরাপদ ফিরতি যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন।

এর আগে প্রতিমন্ত্রী সকাল থেকে স্পিডবোট যোগে ভোলার গুরুত্বপূর্ণ লঞ্চঘাট পরিদর্শন করেন এবং লঞ্চের যাত্রী ও কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ইত্তেফাক/এসজেএস