নৌপথে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

নৌপথে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, ‘যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন।

সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।  তিনি বলেন, এতে যাত্রীরা সহজেই প্রকৃত ভাড়া জানতে পারবেন এবং বিভ্রান্তি বা হয়রানির শিকার হবেন না।

প্রতিমন্ত্রী বলেন, যাত্রীসেবার মান আরও উন্নত করতে হবে। কোনো যাত্রী যেন হয়রানি, ভোগান্তি বা অপ্রয়োজনীয় বিড়ম্বনার শিকার না হন, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। যাত্রীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ করার নির্দেশও দেন তিনি।

পরিদর্শনকালে সদরঘাট টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চ চলাচল, ভাড়া আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।

টার্মিনালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, যাত্রীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশ উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া টার্মিনাল ও নৌযান নিয়মিত পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএস