ভাঙা রেললাইন দেখে সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা রোধ করা কৃষক এনামুল হককে সংবর্ধনা জানিয়েছে রেলওয়ে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাজশাহী রেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ। সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে আর্থিকভাবেও পুরস্কৃত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২৩ মার্চ সকাল পৌনে ৭টায়। দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ী স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় কৃষক এনামুল হক লাইনের একটি বড় অংশ ভাঙা দেখতে পান। ঠিক সেই মুহূর্তেই একটি ট্রেন ওই লাইনের দিকে ধেয়ে আসছিল। কোনো উপায় না পেয়ে তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামানোর সিদ্ধান্ত নেন তিনি।
হাতের কাছে লাল কাপড় বা সংকেত দেওয়ার মতো কোনো সরঞ্জাম না থাকায়, তিনি কলার মোচার লাল অংশ একটি লাঠির সঙ্গে বেঁধে উঁচিয়ে ধরেন। তার এই বুদ্ধিদীপ্ত সংকেত দেখে চালক ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হন, ফলে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
এনামুল হকের এই অসামান্য কাজের বিষয়টি দ্রুত সরকারি পর্যায়ে পৌঁছালে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় রেল মন্ত্রণালয় তাকে যথাযথ সম্মাননা দেওয়ার নির্দেশনা দেয়। এরই পরিপ্রেক্ষিতে আজ তাকে এই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
