বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি মুখে যত কথাই বলুক আর যত শর্তই দিক, তাদের নির্বাচনে আসতেই হবে। এ ছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই। মন্ত্রী বলেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা চায় একটা উপদেষ্টামণ্ডলীর সরকার যা সংবিধানে নাই।
গতকাল শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই দেশ ও দেশের মানুষের উন্নয়ন করেছে। সমাবেশে অন্তত ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ভোলার উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা হবে। প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ভোলাকে একটি শিল্প নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন উল্লেখ করে তিনি বলেন, ভোলা হবে সিঙ্গাপুরের মতো একটি শহর। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলারও আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ প্রমুখ।
