মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ২৮ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ডিএসসিসির মুখপাত্র মো. রাসেল রহমান এ তথ্য জানান। তিনি বলেন, দিনব্যাপী এ আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা, সংবর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের নেতৃত্বে দিনব্যাপী বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
দিবসটি উপলক্ষে জোহরের নামাজের পর ডিএসসিসির আওতাধীন সব মসজিদ, মন্দির ও গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ডিএসসিসি পরিচালিত হাসপাতালগুলোতে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। নগর ভবনে অবস্থিত ঢাকা নগর জাদুঘর এবং কলাবাগান শিশু পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
দিবসটি ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা ও রঙিন ফেস্টুনে সাজানো হয়। পাশাপাশি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে ড্রপডাউন ব্যানার স্থাপন করা হয়।
