জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৯:১৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ওই পর্যটক নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে জিহাদ (১১)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জিহাদ তার দাদির সঙ্গে বড় বাসে করে নরসিংদী থেকে জাফলংয়ে বেড়াতে এসেছিল। দুপুরের দিকে জিহাদসহ কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে জিহাদ স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার। তিনি বলেন, জিরো পয়েন্ট এলাকা থেকে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি