‘সেরা সমস্যা সমাধানকারী স্মিথ’

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:০৫

  স্পোর্টস রিপোর্টার

স্যার ডন ব্র্যাডম্যানের পরেই টেস্ট গড় তার। ডন ব্র্যাডম্যানের সর্বকালের সেরা রেটিং পয়েন্টও হয়তো এতোদিন স্পর্শ করে ফেলতেন। কিন্তু এক বছরের নিষেধাজ্ঞা তাকে সেই পথে বাধা দিয়েছে। নিষেধাজ্ঞা শেষে টেস্টে ফিরলেন অস্ট্রেলিয়াকে অ্যাশেজের প্রথম ম্যাচ জেতানো জোড়া সেঞ্চুরি করে। এই কীর্তির পর আবার আলোচনা তুঙ্গে উঠেছে—স্টিভেন স্মিথ কী তাহলে এই সময়ের সেরা ব্যাটসম্যান?

স্মিথের কোচ ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার বলছেন, বিরাট কোহলি হয়তো সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। কিন্তু ক্রিকেট খেলার ‘সেরা সমস্যার সমাধানকারী’ হলেন স্টিভেন স্মিথ।

ল্যাঙ্গার খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা কয়েকজন ব্যাটসম্যানের সাথে খেলেছেন। তিনি তাই তুলনাটা অন্য যে কারো চেয়ে ভালো করতে পারেন। নিজের অভিজ্ঞতা থেকে এই কোচ বলছিলেন, ‘আমি গেল গ্রীষ্মেই বলেছি, আমি এ পর্যন্ত যত খেলোয়াড় দেখেছি, তার মধ্যে বিরাট কোহলিই সেরা। কিন্তু স্মিথ এই যে ইনিংস দুটো খেললো, এটা আসলে আরো অন্য স্তরের। আপনি যুগ যুগ ধরে হিসেব করতে পারেন। আমি একজন তরুণ হিসেবে স্টিভ ওয়াহর সাথে অনেক সফর করেছি। সে ছিল রান মেশিন। এক সময় আমি স্টিভ ওয়াহর মতো হতে চাইতাম। এরপর আমি পান্টারের (রিকি পন্টিং) সাথে খেলেছি। আমি তার মতোই হতে চাইতাম। আমি অ্যালান বোর্ডারের সাথে খেলেছি। আমার ক্যারিয়ারের যেটা তৃতীয় টেস্ট, সেখানে বোর্ডার ১০,১২৩তম রান করল (তখনকার বিশ্বরেকর্ড)। আমি তখন বোর্ডারের মতো হতে চেয়েছিলাম। আপনি বিভিন্ন যুগে বিভিন্ন গ্রেট খেলোয়াড় খুঁজে পাবেন। কিন্তু স্মাগের (স্মিথ) মতো একজন খেলোয়াড়, যে কি না ৬০-এর ওপরে গড়ে ব্যাট করে এবং এরকম সব চাপ নিয়েও এরকম ইনিংস খেলতে পারে, সেটা কেবল গ্রেটনেস নয়। এটা তার দৃঢ়তা, তার অসীম সাহস, উত্সাহ, অবিশ্বাস্য মনোযোগ, অবিশ্বাস্য শারীরিক ক্ষমতা প্রমাণ করে।’

ল্যাঙ্গার বলছিলেন, স্মিথ এমন একজন ক্রিকেটার, যার শক্তি-দুর্বলতা, সবকিছু জানার পরও তাকে আউট করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইংল্যান্ডের অসহায়ত্বের কথা বলতে গিয়ে তিনি বললেন, ‘আপনি ওকে নেটে পাঠাবেন এবং আপনার মনে হবে, আক্ষরিক অর্থেই তাকে আর আউট করা সম্ভব না। বিশ্বে এরকম ব্যাটসম্যান আর নেই। আপনি ওকে এক মিলিয়ন বল করতে পারেন এবং একসময় আপনি আর জবাব খুঁজে পাবেন না। আমার মনে হয়, ইংল্যান্ড দলকে জিজ্ঞেস করতে পারেন যে, ওর ব্যাপারে তারা কেমন মনে করেছে। ওরা নিশ্চয়ই স্মিথকে নিয়ে সব প্রস্তুতি নিয়েছিল। ট্রেভর বেইলিস ওকে সেই ছোটোবেলা থেকে চেনেন, ওকে নিয়ে কাছ থেকে কাজ করেছেন। কিন্তু ওর জবাব খুঁজে পাননি। আমি বলি, স্মিথ হলো সেরা সমস্যা সমাধানকারী ক্রিকেটার।’ স্মিথ যখন আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন, তখন ছিলেন একজন লেগস্পিনার; যিনি মাঝে মাঝে ব্যাট করতে পারেন। সেখান থেকে যেভাবে স্মিথ সেরা ব্যাটসম্যান হয়ে উঠলেন, সেটা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন ল্যাঙ্গার, ‘ভেবে দেখুন, সে যখন প্রথম এলো, ছিল একজন অপ্রচলিত ধরনের লেগস্পিনার। সবাই ভেবেছিল যে, এ খুব বেশিদূর যেতে পারবে বলে মনে হয় না। এরপর সে সিদ্ধান্ত দিল, আমি লেগস্পিনার হতে চাই না, বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে চাই। তাই হয়ে গেল!’