বাংলাদেশের জন্য বিরাট আর্থিক ক্ষতি অজি ক্রিকেটারদের, সতর্কবার্তা দিলেন কামিন্স 

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ২০:১৩

চলতি বছরের আগস্টে দুটি টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য অস্ট্রেলিয়া টেস্ট দলের অনেক সদস্য ইংল্যান্ডের দ্য হানড্রেডে টুর্নামেন্টের নিলামে নাম দেননি। কেননা, দ্য হান্ড্রেড ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ যে একই সময়েই মাঠে গড়াবে।

বুধবার (২৫ মার্চ) প্রকাশিত বিজনেস অব স্পোর্ট পডকাস্টে এমন তথ্য তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি জানিয়েছেন, অজি ক্রিকেটাররা টাকার লোভ ছেড়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজই বেছে নিয়েছেন। তবে ক্লাব বনাম দেশ বিতর্কে ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রাধান্য পেতে পারে বলে সতর্কও করে দিয়েছেন তিনি। 

কামিন্স বলেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলার জন্য ২০ দিনের বিনিময়ে দ্য হান্ড্রেডের পাঁচ লক্ষ পাউন্ডের (৮ কোটি টাকারও বেশি) প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে। আমার মনে হয়, এটি একটি উত্তেজনার বিষয়। এ মুহূর্তে আমাদের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য এতটাই আগ্রহী যে তারা এই প্রস্তাবটি ছেড়ে দিতেও রাজি। কিন্তু আমি মনে করি না যে আমরা এটা মেনে নিতে পারি যে পরিস্থিতি চিরকাল এমনই থাকবে।’

কামিন্সের মতো যারা অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাটে খেলেন, তাদের আর্থিক দিকটি অবশ্য বোর্ড পুষিয়ে দেয়। তবে এতে খেলার চাপ থাকে বেশি। বোর্ডের চুক্তিতে নেই এমন ক্রিকেটাররা কম খেলেই বেশি আয় করে থাকেন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার মাধ্যমে। সেদিকেও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই তারকা পেসার।

ভবিষ্যতে বেছে বেছে খেলার কথা ভাববেন জানিয়ে কামিন্স বলেন, ‘অবশ্যই, আমিও নির্দিষ্ট সিরিজগুলোকে অগ্রাধিকার দেব। আমি এখনও তিন ফরম্যাটেই অবশ্য খেলতে খুব আগ্রহী। আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি।’

 

ইত্তেফাক/জেডএইচ