অগ্রগতি নেই নেইমারে
স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদে অনিশ্চয়তার মধ্যে থাকা গ্যারেথ বেলকে নিয়ে বায়ার্ন মিউনিখ আগ্রহ দেখাচ্ছে—ইউরোপের গণমাধ্যমে এমন খবর বেরিয়েছে। অপর দিকে নেইমারের বার্সেলোনায় যাওয়ার ব্যাপারেও কোনো অগ্রগতি নেই।
ফ্র্যাঙ্ক রিবেরি ও আরিয়ান রোবেন জার্মান ক্লাবটি ছেড়ে যাচ্ছে। তাই বায়ার্নের আক্রমণভাগে নতুন মুখ দরকার। বিশেষ করে যে অনেক জায়গা নিয়ে খেলতে পারে। বেলকে নিয়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়নদের আগ্রহের আরেকটি কারণ হলো ম্যানচেস্টার সিটি থেকে উইঙ্গার লেরয় সেইনকে সই করাতে না পারা।
সংগত কারণেই বেলের ব্যাপারে ভাবছে জার্মান চ্যাম্পিয়নরা। স্পেনের এএস পত্রিকা জানাচ্ছে, এ কারণে চলতি গ্রীষ্মের শুরুতে একবার আগ্রহ দেখানো বায়ার্ন সম্প্রতি আবার ওয়েলশ ফরোয়ার্ডটিকে আনার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে।
কোচ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদও যত দ্রুত সম্ভব তাকে ছেড়ে দিতে চায়। কিন্তু এ জন্য তাদের একটা গ্রহণযোগ্য ট্রান্সফার ফি পেতে হবে। চীনের সুপার লিগের দল জিয়াংসু সানিং তাকে নেওয়ার জন্য প্রস্তাব দিলেও ট্রান্সফার ফি পরিশোধে অনাগ্রহের কারণে রিয়াল তা আটকে দিয়েছিল।
এখন পরিবর্তিত পরিস্থিতিতে বেলকেও এমন একটা ক্লাব পেতে হবে, যারা আক্রমণভাগের খেলোয়াড়টির বিপুল বেতনের একটা বড় অংশ দিতে পারবে। বেলের সম্ভাব্য ক্লাব বদলের ক্ষেত্রে এটাও একটা সমস্যা।
স্প্যানিশ জায়ান্টরা সম্প্রতি অডি কাপ খেলতে জার্মানিতে গেলেও বেলকে নেওয়া হয়নি। এ থেকেই বোঝা যায়, তাকে ঘিরে অনিশ্চয়তা কতখানি। অবশ্য দল না পেলেও বেলের সমস্যা নেই। কারণ বর্তমান চুক্তি অনুযায়ী মাদ্রিদে বেলের আরো তিন বছর খেলার কথা।
উল্লেখ্য, গ্যারেথ বেলকে ছয় মৌসুম আগে ২০১৩ সালে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহ্যাম হটস্পার থেকে দলে ভিড়িয়েছিল রিয়াল।
নেইমারকে বার্সায় আনার
সম্ভাবনা নেই
এদিকে বার্সেলোনার সহসভাপতি জোর্ডি কার্ডোনার জানিয়েছেন, এই গ্রীষ্মে কাতালান ক্লাবটির পুনরায় নেইমারকে আনার সম্ভাবনা নেই। যদিও নেইমার তার বর্তমান ক্লাব ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি ছাড়তে মরিয়া। ব্রাজিলের এই খেলোয়াড় অবশ্য ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় পিএসজিতে যোগ দিয়েছিলেন।
চলতি মৌসুমে তার স্পেনে ফেরা জোরালো হলেও সাম্প্রতিক সময়ে তাতে ভাটা পড়ে। কেননা, পিএসজি লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী নয়। পিএসজি এখন তার জন্য একই পরিমাণ অর্থ চাইছে। কিন্তু আন্তনিও গ্রিজমানকে বিপুল অঙ্কে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে কিনে আনায় এখন নগদ অর্থের সংস্থানে সমস্যা আছে।
এ ব্যাপারে কার্ডোনার বলেন, ‘আজ পর্যন্ত নেইমার সংক্রান্ত কিছু নেই। কারণ সভাপতি বলেছেন ব্যাপারটা জটিল। আমাদের ভূমিকা পরোক্ষ। আমরা জানি সে প্যারিসে সুখী নয় এবং এটা এমন পরিস্থিতি, যা প্যারিসেই সুরাহা হওয়া দরকার।’
