ফিরেই ব্যস্ত হয়ে পড়ছে নারী দল

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:০৮

  স্পোর্টস রিপোর্টার

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল। গতকাল সকাল ১০টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজ যোগে ঢাকায় নেমেছেন নারী ক্রিকেটাররা। বিসিবির উইমেন্স উইং বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকা সফরটা বেশ মিশ্র অভিজ্ঞতার মধ্যদিয়ে কেটেছে বাংলাদেশ ইমার্জিং নারী দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রোটিয়া ইমার্জিং নারী দলকে ২-১ এ সিরিজ হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আবার তিন ম্যাচের টি-২০ সিরিজে স্বাগতিকদের কাছে ২-০ তে হেরেছে নিগার সুলতানার দল। তৃতীয় ও শেষ ম্যাচে আবার জয়ের সুযোগ তৈরি করেও সফল হয়নি বাংলাদেশ, ম্যাচটা টাই হয়েছে।

দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়ছে নারী ক্রিকেটাররা। গতকাল বিসিবির উইমেন্স উইং থেকে জানা গেছে, আজ একদিন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। আগামীকাল থেকেই আবার অনুশীলনে নেমে পড়বেন জাহানারা আলম-রুমানা আহমেদরা। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর ও স্কটল্যান্ডে আইসিসি টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি শুরু হবে আগামীকাল। ঈদের আগের দিন (১১ আগস্ট) পর্যন্ত চলবে অনুশীলন। যার মধ্যে ১০ ও ১১ আগস্ট বিকেএসপিতে অনুষ্ঠিত হবে দুটি প্রস্তুতি ম্যাচ। তাই এবার ঈদুল আজহায় কার্যত তেমন কোনো ছুটিই পাচ্ছেন না নারী ক্রিকেটাররা। 

আগামী ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশে দেশ ছাড়বে নারী দল। নেদারল্যান্ডসে ২৭ আগস্ট পর্যন্ত অবস্থান করবে বাংলাদেশ দল। এ সময় স্বাগতিক নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিরুদ্ধে চারটি টি-২০ ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

তারপর নেদারল্যান্ডস থেকে স্কটল্যান্ডে যাবে নারী দল। স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ বাছাই পর্ব। আগামী ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাছাই পর্ব। অংশ নিবে আটটি দল। দলগুলো হচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।