চাঁদপুরের হাজীগঞ্জে লুকোচুরি খেলতে গিয়ে ট্রাক চাপায় আরিয়ান (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) এ ঘটনা ঘটে।
মৃত আরিয়ান উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ছৈয়াল বাড়ির রিপনের একমাত্র সন্তান। ঘটনার দুই দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে মণিহার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
জানা যায়, সমবয়সী খেলার সাথিদের সঙ্গে লুকোচুরি খেলতে যায় আরিয়ান। খেলার সময় থেমে থাকা বালুবাহী একটি ট্রাকের নিচে লুকায় সে। পরে ট্রাকচালক অজ্ঞাতসারে ট্রাকটি সামনের দিকে চালাতে গেলে আরিয়ানের মাথা ট্রাকের চাকায় চাপা পড়ে যায়। পরে উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মামা আবদুর রাজ্জাক ছৈয়াল জানান, আরিয়ান অন্যান্য শিশুর সঙ্গে খেলা করছিল। খেলার ছলে সে ট্রাকের নিচে লুকায়। পরে থামানো ট্রাকটি চালক চালাতে গেলে শিশু আরিয়ান চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথেই ভাগিনা মৃত্যু হয়।
এমন মৃত্যুর খবরে শোকে সবাই বাকরুদ্ধ ও স্তব্ধ। আত্মীয়-স্বজনরাসহ শত শত গ্রামবাসী ওই বাড়িতে ভিড় জমিয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল জব্বার জানান,‘হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
