বিজিবি আন্তঃরিজিয়ন জুডোয় চ্যাম্পিয়ন কক্সবাজার

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:০৯

কুমিল্লা প্রতিনিধি

বিজিবি আন্তঃরিজিয়ন জুডো প্রতিযোগিতায় চারটি ইভেন্টে জিতে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার রিজিয়ন। রানার্স-আপ হয়েছে চট্টগ্রাম রিজিয়ন। গত ১ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিজিবির চট্টগ্রাম, রংপুর, সরাইল, যশোর ও কক্সবাজার রিজিয়ন অংশ নেয়।

বিজিবি সেক্টর সদর দপ্তর কুমিল্লার তত্ত্বাবধানে ও ১০ বিজিবি কুমিল্লার সার্বিক ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এবং ১০ বিজিবির সব কর্মকর্তা, জেসিও এবং বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।