প্রকাশ্যে আলোচনার কথা বলে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৬:৪৩

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ দেখাচ্ছেন, অন্যদিকে গোপনে স্থল হামলার ছক কষছেন।

রোববার (২৯ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ খবর জানায়।

মোহাম্মদ বাঘের গালিবফ বলেন, শত্রু পক্ষ প্রকাশ্যে আলোচনার বার্তা পাঠাচ্ছে এবং গোপনে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। আমাদের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছে। ইরানি মাটিতে পা রাখামাত্রই তাদের পুড়িয়ে মারা হবে।

আজ সকালেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে তাদের ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ৩,৫০০ সেনার আগমনের ঘোষণা দিয়েছে।

সেন্টকম আরও জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে। যদিও জাহাজটির নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

তবে সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান নেবেন, সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি।

ইত্তেফাক/এমএএস