মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনায় চীনের হুঁশিয়ারি

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:১২

 ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে চীন’

এএফপি ও রয়টার্স

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হলে বেইজিং এর পালটা পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার চীনের বিরুদ্ধে ইন্দো-প্যাসিফিক অঞ্চল অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ করেছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক পরিচালক ফু কং মঙ্গলবার বলেন, ‘চীন অনর্থক কোনো পদক্ষেপ নেবে না। তবে বিশ্বের এ অঞ্চলে যুক্তরাষ্ট্র স্থলভিত্তিক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হলে তারা এর পালটা পদক্ষেপ নিতে বাধ্য হবে।’ অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাম উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা আমাদের প্রতিবেশি দেশগুলোকে দূরদর্শিতা দেখানোর এবং তাদের দেশের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে ওয়াশিংটনকে সুযোগ না দেওয়ারও আহ্বান জানাচ্ছি।’

এর আগে অস্ট্রেলিয়া সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেন, আগ্রাসি অর্থনীতি, মেধাস্বত্ব চুরিসহ বিভিন্ন কাজের মাধ্যমে বেইজিং ইন্দো-প্যাসিফিক অঞ্চল অস্থিতিশীল করছে। রবিবার চীনের বিরুদ্ধে এরকম অভিযোগ তোলেন তিনি। পেন্টাগন প্রধান সিডনিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো একক দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তার করবে না এবং অঞ্চলটির জরুরি নিরাপত্তা প্রয়োজন মেটাতে আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছি।’

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে এসপারের এমন বক্তব্য বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে এক বছর ধরেই উভয় পক্ষ তিক্ত বাণিজ্যযুদ্ধে নিজেদের ব্যস্ত রেখেছে এবং দফায় দফায় দ্বিপক্ষীয় বৈঠকেও কোনো সমাধানে পৌঁছতে পারছে না তারা।