ব্যক্তিগত কারণে চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১০:৫৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহকারী প্রক্টর ব্যক্তিগত ও শারীরিক কারণে পদত্যাগের আবেদন করেছেন। তারা হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর মো. বজলুর রহমান।

রোববার (২৯ মার্চ) বিকাল সাড়ে তিনটায় দুই সহকারী প্রক্টর তাদের স্বাক্ষরিত পৃথক পৃথক পদত্যাগপত্র রেজিস্ট্রার বরাবর জমা দেন।

চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম এ বিষয়ে জানান, তার কাছে দুইজন সহকারী প্রক্টরের পদত্যাগপত্র এসেছে। সেগুলো এখনো প্রক্রিয়াধীন আছে এবং বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

পদত্যাগপত্র সূত্রে জানা যায়, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. পারভীন আক্তার দীর্ঘদিন ধরে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যার কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তিনি কর্তৃপক্ষের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেছেন।

অন্যদিকে, মার্কেটিং বিভাগের প্রফেসর মো. বজলুর রহমানও সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে দায়িত্ব পালন করলেও বর্তমানে বিভাগীয় একাডেমিক কাজের চাপ বেড়ে যাওয়ায় দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এজন্য তিনি আগামী ১ মার্চ থেকে অব্যাহতি চেয়েছেন।

পদত্যাগপত্রে উভয় শিক্ষকই দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইতেফাক/এএইচপি