চট্টগ্রাম নগরবাসীর যন্ত্রণা যানজট সমস্যা

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:১৫

আলোকপাত

আবুল কাসেম ভূঁইয়া

বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা এখন নানা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা সমস্যা, যানজট সমস্যা, সংস্কার বিহীন রাস্তাঘাটের সমস্যা নগরবাসীকে চরম কষ্টের মধ্যে রেখেছে। চট্টগ্রাম নগরীতে বিরাজমান সমস্যার মধ্যে যানজট সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। যানজট সমস্যার কারণে নগরবাসীকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রাম শহরের ব্যস্ততম এলাকা এবং সড়কগুলোতে প্রতিদিন যানজট লেগেই থাকে। যানজট একবার লাগলে তা কয়েক ঘণ্টা দীর্ঘ হয়। যানজট সমস্যার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছা যায় না। বিশেষ করে বিমানবন্দর সড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়ে থাকেন। এক ঘণ্টার পথ পাড়ি দিতে এখন ছয় থেকে সাত ঘণ্টা সময় লেগে যায়। বিমানযাত্রীরা যানজটের মধ্যে পড়ে প্রায়ই ফ্লাইট মিস করে থাকেন।  বিমানবন্দর সড়ক ছাড়াও চট্টগ্রাম শহরের অন্য সড়কেও একই অবস্থা। বিশেষ করে মেহেদীবাগ এলাকায় অসংখ্য ক্লিনিক, ডাক্তারদের চেম্বার, প্যাথলজি সেন্টার, মার্কেট, স্কুল-কলেজ, ভার্সিটি থাকায় এখানে সব সময় যানজট লেগে থাকে। কিছু ব্যস্ত সড়কের ওপর বড়ো বড়ো স্কুল-কলেজ থাকায় এসব স্কুল-কলেজের সামনে সব সময় যানজট লেগে থাকে।

চট্টগ্রাম শহরে যে হারে যানবাহনের সংখ্যা বেড়েছে সে হারে রাস্তার সংখ্যা বাড়েনি। নির্ধারিত সড়ক দিয়ে বিশাল সংখ্যক যানবাহন চলাচল করতে যেয়ে যানজট সমস্যা হচ্ছে। চট্টগ্রাম শহরে যানজট সমস্যার অন্যতম কারণ হচ্ছে রিকশা সমস্যা। অগণিত রিকশার কারণে যানজট হয়ে থাকে। অবৈধ রিকশা নিয়ন্ত্রণের ব্যাপারে কারো কোনো মাথাব্যথা নেই। অবৈধ রিকশা নিয়ন্ত্রণ করতে পারলে যানজট সমস্যা কিছুটা কমত। তাছাড়া যত্রতত্র টেম্পো, টেক্সি, বাসস্ট্যান্ড গড়ে উঠায় যানজট লেগে থাকে। এসব স্ট্যান্ডগুলো সম্পূর্ণ অবৈধভাবে ব্যস্ততম এলাকায় গড়ে উঠলেও দেখার কেউ নেই।

চট্টগ্রাম শহরে চলাচলকারী শহর এলাকার বাস, মিনিবাস, হিউম্যানহলার, টেম্পো, ইঞ্জিনবাইকগুলো রাস্তার ওপর দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করানোর কারণে যানজটের সৃষ্টি হয়। এসব যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টদের পাত্তাই দিতে চায় না। কোনো সময় ট্রাফিক পুলিশ এবং সার্জেন্ট তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে চালকরা সমবেত হয়ে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টদের ওপর চড়াও হয়ে থাকে। দিনের বেলায় ট্রাক এবং কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকলেও দিনের বেলায় ট্রাক এবং কাভার্ডভ্যান অবাধে চলাচল করার কারণে দুর্ঘটনা ঘটে এবং যানজটের সৃষ্টি করে থাকে। নগরবাসী মনে করেন চট্টগ্রামের ট্রাফিক বিভাগ একটু আন্তরিক হলে এবং প্রশাসনিকভাবে কঠোর হলে যানজট সমস্যার দ্রুত সমাধান হতো। চট্টগ্রাম শহরে চলাচলকারী পুরাতন লক্কড়-ঝক্কড় মার্কা ফিটনেসবিহীন গাড়ি চলাচল কঠোরভাবে বন্ধ করা গেলে যানজট সমস্যা কিছুটা লাঘব হবে। চট্টগ্রাম শহরের যানজট সমস্যা নিরসনে নতুন নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে নগরবাসীকে সচেতন হতে হবে যানজট নিরসনের ব্যাপারে ট্রাফিক প্রশাসনকে সহায়তা করার জন্য। চট্টগ্রাম নগরবাসী আশা করেন চট্টগ্রাম শহরের বিদ্যমান যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। 

n লেখক :বীমা কর্মকর্তা