ওসমানী উদ্যানের সংস্কার কাজ শেষ করুন

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০১৭ সালে গণমাধ্যমে জানিয়েছিল যে, মেগা প্রকল্পের আওতায় ডিএসসিসি-র ১৯টি পার্ক ও ১২টি খেলার মাঠ সংস্কার করে আধুনিক সব সুযোগ-সুবিধার মাধ্যমে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শেষ হবে ২০১৮ সালের জুন মাসে। মেগা প্রকল্পের ৩০ ভাগ অর্থ ব্যয় করবে ডিএসসিসি আর ৭০ ভাগ দেবে সরকার। এরই মধ্যে বিশ্ব ব্যাংক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নাগরিক পরিষেবা প্রদানের জন্য ১০ কোট ৫ লাখ ডলার ঋণ দিয়েছে বলে জানা যায়। তাই আমরা বলতেই পারি, উদ্যান সংস্কার কাজে প্রয়োজনীয় অর্থের জোগান আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে, উদ্যান সংস্কারের কাজের গতি খুবই মন্থর। মেয়র সাঈদ খোকন ২০১৮ সালের ২৭ জানুয়ারি ওসমানী উদ্যানের সংস্কার কাজের উদ্বোধন করেন। ঘোষণা অনুযায়ী সংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল গত অক্টোবর মাসে। কিন্তু হয়নি। পরবর্তী সময়ে প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়, এই সংস্কার কাজ ২০১৯ সালের জুন মাসে শেষ হবে। তাও হয়নি। এখন চলছে অঘোষিত তৃতীয় মেয়াদে সংস্কার কাজ। এদিকে আমরা পুরান ঢাকার নগরবাসীরা যারা বৃক্ষশোভিত ওসমানী উদ্যানের নির্মল বাতাসে হাঁটাহাঁটি, জগিং ও ফ্রি হ্যান্ড ব্যায়াম করে সুস্থ জীবনযাপনে অভ্যস্থ হয়ে উঠেছিলাম, তারা উদ্যান বন্ধ থাকায় সে সুযোগ থেকে বঞ্চিত। পরিশেষে, ওসমানী উদ্যানের সংস্কার কাজ এ বছরেই শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

হাজী মো. আলী বশির, মো. নাসির

৮৮/৮৯ আগাসাদেক রোড,

মাহবুব আলী

৪১ আবদুল হাদী লেন, ঢাকা