ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকায় স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, রাশেদ মোল্লা বিয়ের কয়েক মাস পর থেকেই যৌতুকের জন্য তার স্ত্রী জোসনা বেগমকে নির্যাতন করতে থাকেন। ২০২০ সালের ১৬ আগস্ট তিনি স্ত্রীকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে, রাশেদ ও তার পরিবারের সদস্যরা জোসনা বেগমের ওপর নির্যাতন চালিয়ে তার মাথায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
গুরুতর দগ্ধ অবস্থায় জোসনাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আসামি রাশেদ মোল্লা ও তার পরিবারের সদস্যরা ঘটনার পরপরই পালিয়ে যান এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। তিনি আরও বলেন, এমন নৃশংস ঘটনা সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ রায়ে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পেয়েছেন।
