মোহাম্মদপুর ডায়াবেটিক হাসপাতালে

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:১৮

মোহাম্মদপুর তাজমহল রোডের বিআইএইচএস ডায়াবেটিক হাসপাতালে সেবাগ্রহীতাদের দুর্ভোগের শেষ নেই। আগে এখানে ডায়াবেটিক রোগীরা তাদের ডায়াবেটিক সমিতির বই দেখিয়ে সকালে খালি পেটে একবার এবং নাস্তা করার দুই ঘণ্টা পর ডায়াবেটিক পরীক্ষা করে রিপোর্ট নিতে পারতেন। কিন্তু সম্প্রতি ডায়াবেটিক টেস্টের জন্য গেলে অপ্রয়োজনীয় কিছু টেস্ট করাতে বাধ্য করা হয়। এতে রোগীরা অসম্মতি প্রকাশ করলে তাঁদের সঙ্গে করা হয় অশোভন আচরণ। গত ২৩ জুলাই আমি আমার বাবাকে সকালে খালি পেটে ডায়াবেটিক পরীক্ষার জন্য নিয়ে গেলে তাঁকে ক্রিটেনিন পরীক্ষা করতে বলা হয়। এই হাসপাতালেই ২০ দিন আগে বাবার কিডনি ও রক্তের হিমোগ্লেবিনসহ প্রায় ২২ ধরনের পরীক্ষা করানো হয়েছিল, রিপোর্টও আসে নরমাল। কিন্তু তারপরও ডাক্তার শুধু ডায়াবেটিস টেস্ট করার কথা বইতে লিখতে নারাজ। আবারও একাধিক টেস্ট লিখলে আমি সে কথা জানালে তিনি বলেন, আমি ডাক্তার আমি যা লিখব সেই টেস্ট করাতে হবে, শুধু ডায়াবেটিস টেস্ট করানো যাবে না। আমরা কোনো প্রকার টেস্ট না করে চলে আসি। অন্য হাসপাতাল থেকে ডায়াবেটিস টেস্ট করিয়ে দেখি আবার বাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির দৃষ্টি আকর্ষণ করছি।

মো. সোয়েব মেজবাহউদ্দিন

আদাবর, মোহাম্মদপুর, ঢাকা