সবজির দামে বিপাকে ক্রেতা

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২২

আদা, রসুনের দাম বাড়ল আরেক

দফা, কমেছে ব্রয়লার মুরগির

ইত্তেফাক রিপোর্ট

দেশের বিভিন্ন জায়গায় বন্যা ও বৃষ্টির প্রভাবে সবজির দাম বাড়ছেই। এক মাস ধরে সব ধরনের সবজির দাম চড়া। এদিকে কোরবানির ঈদের আগে আদা, রসুনের দামও আরেক দফা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। তবে সুখবর বলতে, ব্রয়লার মুরগির দাম কমেছে। গতকাল মঙ্গলবার কাওরানবাজার ও শান্তিনগরবাজারসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে নিত্যপণ্যের দামের এ চিত্র পাওয়া যায়।

গতকাল রাজধানীর বাজারগুলোয় বিভিন্ন ধরনের সবজির মধ্যে বেগুন, চিচিঙ্গা, ঝিঙে, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৮০ থেকে ৯০ টাকা, করল্লা ৮০ থেকে ৯০ টাকা, পেঁপে ৫০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর, শশা ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হয়। কাঁচা মরিচের কেজি বিক্রি হয় ১৮০ থেকে ২০০ টাকা।

কাওরানবাজারের আড়তদার মো. মোসলেম বলেন, বন্যার কারণে দেশের বিভিন্ন জায়গায় সবজিক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে চাহিদা অনুযায়ী সবজি আসছে না। তাই সবজির দাম এত বেশি।

এদিকে বাজারে আদা, রসুনের দাম আরেক দফা বেড়েছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসেবে (টিসিবি) গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে প্রতি কেজি আমদানিকৃত রসুন ১৭০ থেকে ১৮০ টাকা ও দেশি রসুন কেজিতে ৫ টাকা বেড়ে ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়। এছাড়া টিসিবির হিসাবে প্রতি কেজি আদায় মানভেদে ১০ টাকা বেড়ে ১৪০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে ভোক্তাদের জন্য সুখবর বলতে ব্রয়লার মুরগির দাম কমেছে। কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। এছাড়া লাল লেয়ার ও পাকিস্তানি কক জাতের মুরগি ২২০ থেকে ২৩০ টাকা, গরুর মাংস ৫৫০ টাকা ও খাসির মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের দামও কিছুটা কমেছে। গতকাল বাজারে প্রতি হালি ফার্মের লাল ডিম বিক্রি হয় ৩৫ থেকে ৩৬ টাকা দরে। তবে মাছের দাম চড়া। চাষের কৈ, পাঙ্গাশ আর তেলাপিয়া বাদে আর সব মাছের দামই বেশি। বিভিন্ন ধরনের মাছের মধ্যে ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা, রুই, কাতলা ২৮০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকা, পাঙ্গাশ ১৫০ থেকে ১৮০, পাবদা ৪৫০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৪৫০ থেকে ৯০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭৫০ টাকা, শিং ৪৫০ থেকে ৬০০ টাকা, চাষের কৈ ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।