ঐতিহ্যের বর্ণিল পরশে চারুকলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:৩৩

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাঙালির এই সর্বজনীন উৎসবকে সফল করতে ইতোমধ্যে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কাজ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরের মতোই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদ্‌যাপনে বদ্ধপরিকর।

এসময় উৎসবের সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন সায়মা হক।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সহকারী প্রক্টররা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর থেকেই চারুকলা প্রাঙ্গণে শিল্পীদের ব্যস্ততা শুরু হয়েছে। মঙ্গল শোভাযাত্রার মূল কাঠামো নির্মাণ ও অন্যান্য অনুষঙ্গ তৈরির কাজ পর্যায়ক্রমে শুরু হবে বলে জানা গেছে।


 

ইত্তেফাক/এনটিএম