চন্দনাইশ উপজেলা পরিষদ সড়ক চলাচলের অনুপযোগী

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২৬

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ উপজেলা পরিষদ সড়কে সামান্য বৃষ্টি হলেই জমে থাকে কাদাপানি। সড়কটির বিভিন্নস্থানে সৃষ্টি হয়েছে বড়ো বড়ো গর্ত এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতে সদরের কাঁচা বাজার এলাকা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পথচারী, অফিস-আদালত ও স্কুল-কলেজগামী লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াতে পড়ছেন বিপাকে। অথচ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কৃষি, ভূমি, সমাজসেবা, মত্স্য, পৌরসভা কার্যালয় এবং কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বালিকা বিদ্যালয়সহ হাট-বাজারে চলাচলের একমাত্র মাধ্যম এ সড়কটি। এছাড়াও হারালা, সাতবাড়িয়া এলাকায় যাবার আর কোনো বিকল্প সড়ক নেই।

চন্দনাইশ সদর শাহ আমিন পার্ক থেকে প্রায় ৮/৯ কিলোমিটার দীর্ঘ সড়কটি মহাসড়কের বাগিচাহাট-বৈলতলী সড়কের সঙ্গে সংযুক্ত। ভারী বৃষ্টিতে সড়কটির বিভিন্নস্থানে কার্পেটিং উপড়ে গেলেও বিশেষ করে সদর এলাকায় শাহ আমিন পার্ক সংলগ্ন পৌরসভার কাঁচা বাজারের সামনে মারাত্মক দুরবস্থার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই কাদাপানি জমে একাকার হয়ে পড়ে। ফলে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

পৌরসভার প্যানেল মেয়র নুরুল ইসলাম বাচার সঙ্গে কথা হলে তিনি বলেন, শিগগির পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হবে।