নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় চলতি আমন মৌসুমে ইউরিয়াসহ বিভিন্ন জাতের ৪০১৬ টন সার ডিলারদের নামে বরাদ্দ হলেও যথাসময়ে উত্তোলন করা হচ্ছে না। এদিকে জুন মাসের বরাদ্দ ১১২ টন ইউরিয়া গত ৩১ জুলাই পর্যন্ত নির্ধারিত কারখানা থেকে উত্তোলন করা হয়নি। বিষয়টি নিয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সার উত্তোলনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিটি সূত্রে জানা গেছে।
যথাসময়ে ডিলারদের সার উত্তোলন না করার কথা স্বীকার করে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জানান, চলতি মৌসুমে আমন আবাদের সময় যাতে ইউরিয়া এবং নন ইউরিয়া সারের ঘাটতি না হয় এবং কৃষকরা যাতে সহজেই সার পেতে পারেন সেজন্য পুরো জেলার জন্য জুলাই মাসে ১৬৮১ টন ইউরিয়া, ৫২৫ টন টিএসপি, ১৮১০ টন ডিএপি এবং ১০৮১ টন এমওপি সার বরাদ্দ করা হয়েছে। এছাড়া ইউরিয়া সারের যাতে কোনো সংকট সৃষ্টি না হয় সেজন্য ৩৫৫০ টন ইউরিয়া সার নেত্রকোনায় মজুত রাখা হয়েছে বলেও তিনি জানান।
জেলা সার ডিলার সমিতির সহসভাপতি ফরিদুল হক বলেন, বিভিন্ন ধরনের সার পর্যাপ্ত পরিমাণে মজুত থাকায় এবং বিক্রি না হওয়ায় অনেক সময় ডিলার সার উত্তোলনে সময় নেন। তবে সব ডিলারই সার উত্তোলন করেন।
মনিটরিং কমিটির সদস্য সচিব মো. হাবিবুর রহমান বলেন, যথাসময়ে সার উত্তোলনের জন্য প্রত্যেক ডিলারকে চিঠি দেওয়া হয়। যে ডিলার সার উত্তোলন করেন না, তার জন্য পরবর্তী মাসের বরাদ্দ স্থগিত করা হয় বলে তিনি উল্লেখ করেন।
