অকস্মিকভাবে চলে গেলেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রোববার (২৯ মার্চ) শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা যান তিনি। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন কাজের প্রতি নিয়োজিত, রেখে গেলেন কিছু অসমাপ্ত কাজ। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত শেষ ছবি ‘আইসিইউ’, যা পরিচালক সৌভিক দে পরিচালনা করেছেন।
এই ছবিতে রাহুলের সঙ্গে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক, শ্রীমা ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র ও দেবরাজ ভট্টাচার্য। শুটিং শেষ হওয়ার সময় পরিচালক জানিয়েছেন, রাহুল তাকে বলেছিলেন, ‘এটা হয়তো আমার শেষ ছবি।’
সৌভিক দে শোক প্রকাশ করে বলেন, একেবারেই অপ্রত্যাশিতভাবে রাহুল দা’কে হারালাম। বিশ্বাস করা কঠিন। কিছুদিন আগেও একসঙ্গে কাজ করেছি, গল্প করেছি, হাসি-ঠাট্টা করেছি—আজ তিনি নেই। তার উপস্থিতি সেটে আলাদা এনার্জি নিয়ে আসত। অভিনয়ের গভীরতা, নিষ্ঠা—সবকিছুই এই ছবির প্রতিটি ফ্রেমে থেকে যাবে। ব্যক্তিগতভাবে একজন সহযোদ্ধা ও পথপ্রদর্শক হারালাম।
পরিচালক আরও বলেন, সবচেয়ে কষ্টের জায়গাটা হলো—এই ছবিটা নিয়ে তার আলাদা ভালোবাসা ছিল। ডাবিংয়ের সময় মজা করে বলেছিলেন, ‘এটা হয়তো আমার শেষ ছবি।’ তখন আমরা কেউই কথাটার গভীরতা বুঝতে পারিনি। আজ সেই কথাটাই বারবার কানে বাজছে।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই আকস্মিক বিদায় টালিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার ফ্যান ও সহকর্মীরা শোকাহত, এবং শেষ ছবি ‘আইসিইউ’ নিয়ে অপেক্ষা এখন আরো আবেগঘন।

