দোকানের তালা ভেঙে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২১:৫০

মাদারীপুরের শিবচরে দুটি দোকানের তালা ভেঙে ২৮ ব্যারেল (৫৬০০ লিটার) জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত তেল খোলাবাজারে স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শিবচর উপজেলার শেখপুর বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্রে জানা যায়, ডিজেল না পাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছিল। কৃষক ও স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে মেসার্স রোকন স্টোর ও মালিকের নিজ বাড়ি থেকে ১৮ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। এরপর পাশের তোনাই মোল্লার দোকান থেকে আরও ১০ ব্যারেল ডিজেল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, শিবচরে গত ১৫ দিন ধরে কৃষকরা জ্বালানি তেল পাচ্ছিল না। একটি অসাধু চক্র তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করেছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ৫ হাজার ৬শ লিটার জ্বালানি তেল সাধারণ কৃষক ও স্থানীয়দের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। পরে তা থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

 
ইত্তেফাক/এসজেএস