কিশোরগঞ্জে মিলমালিককে জরিমানা
কিশোরগঞ্জ প্রতিনিধি
শুকনো মরিচের গুঁড়ার সঙ্গে ইটের গুঁড়া, ধানের কুড়া ও ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির উদ্দেশে প্যাকেট করার দায়ে মিলমালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার এ জরিমানা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে একটি টিম হানা দেয় কিশোরগঞ্জ পৌরসভার তারাপাশা এলাকার মেহেক অটো ক্রাশিং মিলে। সেখানে গিয়ে তাদের অপকর্ম ধরে ফেলেন। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন মিলমালিক আনাছ মিয়াকে ঐ টাকা জরিমানা করেন।
