কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর ফলে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও সিএনএনের।
কুয়েতের সংবাদ সংস্থা কুনা বলছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেন, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নির্লজ্জ ড্রোন হামলা চালিয়েছে।
তিনি বলেছেন, জরুরি পরিষেবার কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে আছেন। হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো মানুষ আহত হননি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ৩৩ দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলে হামলার পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
তবে বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর, জ্বালানি স্থাপনাতেও হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

‘ইরানের কিছুই অবশিষ্ট নেই, পুনর্গঠনে সময় লাগবে ১৫–২০ বছর’