কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিদ্যালয়ের কমনরুম থেকে গলায় রশি বাঁধা এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত ঐশি আক্তার (১৪) কদমচাল আলোর দিশারি ডিজিটাল স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী এবং অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-পশ্চিমপাড়া গ্রামের মো. মজিবুর রহমানের মেয়ে। মঙ্গলবার তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঐশি সোমবার যথারীতি স্কুলে যায়। দুপুরে কমনরুমে বসে অন্য শিক্ষার্থীর সঙ্গে টিফিন করে। টিফিন শেষে শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে চলে যায়। কিন্তু ঐশি কমনরুমে থেকে যায়। সহপাঠিরা ঐশির খোঁজে কমনরুমে গিয়ে তাকে ধরনার সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলতে দেখে চিত্কার দেয়। পরে শিক্ষক-শিক্ষিকারা ছুটে এসে থানায় খবর দেয়।
অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
