৪৮ বছরে বীরাঙ্গনা স্বীকৃতি পেলেন জয়ন্তীবালা

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২১:২৯

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

দৈনিক ইত্তেফাকে বীরাঙ্গনা জয়ন্তীবালাকে নিয়ে ২০১৬ সালের ৯ জানুয়ারি সংবাদ ছাপা হয়েছিল ‘বীরাঙ্গনা জয়ন্তী মুক্তিযুদ্ধে স্বামী ও ভাইকে হারিয়ে নিঃস্ব’। দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসন ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের। বহু যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬২তম সভায় ৪৬ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি তাদের স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে। স্বীকৃতি পাওয়া ৪৬ জনের মধ্যে ফুলবাড়ীয়ার বীরাঙ্গনা জয়ন্তীবালা দেবীর নামও রয়েছে। স্বাধীনতার ৪৮ বছরে বীরাঙ্গনার স্বীকৃতি পেয়ে খুশিতে গুমরে কেঁদে উঠেন বীরাঙ্গনা জয়ন্তী।

মঙ্গলবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জয়পুর গ্রামে বীরাঙ্গনা স্বীকৃতি পাওয়া জয়ন্তীবালা দেবীর বাড়িতে গেলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

মুক্তিযোদ্ধা তালিকায় বীরাঙ্গনা স্বীকৃতি পাওয়ার জন্য ২০১৫ সালের অক্টোবর মাসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি।

ফুলবাড়ীয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবি সিদ্দিক জানান, জয়ন্তী বালা দেবী একজন বীরাঙ্গনা। যুদ্ধে তার স্বামীও শহিদ হয়েছেন। তার ভাইও যুদ্ধের সময় পাকিস্তানীদের বেয়নটের আঘাতে শহিদ হন।

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার জানান, জয়ন্তী বালা দেবীর বীরাঙ্গনা স্বীকৃতির চিঠি দুই-এক দিনের মধ্যে আমরা পেয়ে যাবো।