যাত্রীবাহী বাস থেকে ১৭০০ কেজি জাটকা উদ্ধার, পরে এতিমখানায় বিতরণ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২০:৪৭

ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ১৭০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (দক্ষিণ জোন)। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় একটি গাড়িতে অবৈধভাবে জাটকা মাছ পরিবহনের দায়ে চালকসহ তিনজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি গাড়িতে জাটকা মাছ পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ১ হাজার ৭০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।লপরে জব্দকৃত জাটকা মাছ নলছিটি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মা ইলিশ সংরক্ষণের স্বার্থে জাটকা আহরণ ও পরিবহন নিষিদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইত্তেফাক/আরএইচ/এএম