কুয়াকাটায় জেলের জালে ২৩ কেজির কোরাল, ৩০ হাজারে বিক্রি

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২০:৫৪

কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিললো বিশালাকৃতির এক কোরাল মাছের। মাছটি সুন্দরবন এলাকা থেকে জেলে ফারুক মাঝির জালে ধরা পড়ে। মাছটির ওজন ছিল ২২ কেজি ৭০০ গ্রাম এবং এটি বিক্রি হয় প্রায় ৩০ হাজার ৬৪৫ টাকায়।

বুধবার (১ এপ্রিল) সকালে জেলে ফারুক মাঝি মাছটি কুয়াকাটা মৎস্য আড়তের নিয়ে আসে। মাছটি বাজারে আনার পর উৎসুক জনতার ভিড় জমে এক নজর দেখতে। পরে মাছটি নিলামের মাধ্যমে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়।

ফারুক মাঝি জানান, 'সুন্দরবনের ৭ নাম্বার এলাকায় জাল পাতার পড়ে ২৩ কেজি ওজনের কোরাল মাছটি পেয়েছি। মাছটি এ বাজারেই ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল প্রায় ২২ কেজি ৭০০ গ্রাম।' 

মাছটি কেনা ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর খান জানান, 'এমন বড় সাইজের মাছের চাহিদা অনেক বেশী। তাই অনেক ভালো দামে বিক্রি করা যায়। দুইদিন‌ আগেও তারা অনেকগুলো মাছ বিক্রি করে গেছে।' 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, 'এটি উপকূলের জেলেদের জন্য অত্যন্ত সুখবর। এমন সাইজের বড় কোরাল মাছ এর আগেও কয়েকটি ধরা পড়েছে এটি নিষেধাজ্ঞার একটি সুফল। সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করলে উপকূলের জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাবে বলে ধারণা করা যাচ্ছে।' 

ইত্তেফাক/আরএইচ/এএম