অবৈধভাবে বিক্রির সময় ১৪৩ লিটার জ্বালানি জব্দ

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ২১:১৪

রাজশাহীর তানোরে অবৈধভাবে বিক্রির সময় ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল জব্দ করে সরকারি মূল্যে উপস্থিত গ্রাহকদের মধ্যে বিক্রি করা হয়েছে। এসময় তেল বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ এপ্রিল) দুপুর তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান তানোর পৌর এলাকার তালন্দ গ্রামে অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন তালন্দ গ্রামের ইদ্রিস আলীর পুত্র আমিনুল ইসলাম (৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে (জ্বালানি তেল বিক্রির লাইসেন্স না নিয়েই) বিভিন্ন এলাকা থেকে পেট্রোল ও ডিজেল সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। বর্তমানে সারাদেশের ন্যায় তানোরেও জ্বালানি তেলের ডিজেল ও পেট্রোল সংকটের কারণে তিনি বেশি দামে তা বিক্রি করছিলেন।

তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, অবৈধভাবে বেশি দামে জ্বালানি তেল, ডিজেল ও পেট্রোল বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে ধরা হয়। সেখানে জব্দ হওয়া জ্বালানি তেল ডিজেল ও পেট্রোল উপস্থিত গ্রাহকদের মধ্যে সরকারি দামে বিক্রি করা হয়েছে। 

ইত্তেফাক/এপি