বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে বিদ্যুত্স্পৃষ্টে নিহত সুজন চন্দ্র দে (২৫) হাটহাজারী উপজেলার দুলাল দের পুত্র বলে জানা যায়।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরস্থ জিএস প্লাজার ২য় তলায় অবস্থিত প্রাইম ব্যাংক লি.-এর বাঁশখালী শাখায় এসির কাজ করতে আসে সুজন চন্দ্র দে। কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে গেলে তাকে দ্রুত বাঁশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে।
