বাসস এমডি মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০১:১৮

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল করেছে সরকার।

বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

২০২৪ সালের ১৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিক মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েন।

সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনে বাসস কার্যালয়ে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির একাংশের সাংবাদিক ও কর্মচারীরা। বিক্ষুব্ধরা তাকে কার্যালয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলে এক পর্যায়ে তিনি অফিস ছেড়ে চলে যেতে বাধ্য হন। সে সময় মাহবুব মোর্শেদ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একটি ‘মব’ বা জনতা তৈরি করে তাকে অপসারণের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে।

এরই মধ্যে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। চূড়ান্ত পর্যায়ে আজ তার নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি হলো।

ইত্তেফাক/এনএন