জামালপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৩

জামালপুরের মাদারগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে , গত শনিবার বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে তিনি তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। এই সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন শিশুটিকে। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে।

এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গতকাল বুধবার অভিযুক্ত মাসুদকে তার ভায়রা ভাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে পাঠানো হবে।

ইত্তেফাক/এমএসআর