মাদক সেবনের টাকা পেয়ে বৃদ্ধ মাকে মারধর, ছেলের কারাদণ্ড

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১৯:২২

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারধর ও বসতবাড়িতে ভাঙচুরের অভিযোগে মোহাম্মদ মিন্টু (৩৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মিন্টু শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার মৃত ময়দান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই তার বৃদ্ধা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে তিনি মাদকের টাকা দাবি করে তার মাকে মারধর করেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।

খবর পেয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন ঘটনাস্থলে পৌঁছে মিন্টুকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। আদালত মাদক সেবন ও পরিবারের সদস্যদের লাঞ্ছিত করার দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং পারিবারিক সহিংসতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এপি