কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলংগ্ন সাবমেরিন স্টেশনের প্রধান সড়ক এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি মোটরসাইকেল। এতে দুজন নিহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি ছমিউদ্দিন। নিহতরা হলেন, পথচারী কামাল উদ্দিন (৩৫) এবং মোটরসাইকেল চালক কামরুল ইসলাম (১৮)।
তাদের মধ্যে কামলা উদ্দিন রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে ও কামরুল ইসলাম (১৮) শহরের কলাতলীর একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মী। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যদক্ষদর্শীদের বরাতে সাবমেরিন স্টেশন এলাকার বাসিন্দা প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার শিকার কামাল ওই এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকালে ওই সড়কে হাটার সময় একটি দ্রুতগতির অটোরিকশার আসতে দেখে পাশে লাফ দেন তিনি। এসময় পেছন থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সেটি দুমড়েমুচড়ে দুজন আহত হন। পরে আশেপাশের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে হাসপাতালের মর্গে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে।
ওসি আরও জানান, নিহত একজন কামাল অপরজন কামরুল। গ্যারেজকর্মী কামরুল মোটরসাইকেল মেরামত করে টেস্ট করতে বেরিয়ে সড়কে পথচারীকে ধাক্কা দিয়ে বাইকসহ উল্টে যায়। এতে উভয়ে আহত হন। তাদের হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে রয়েছে।
