পাবনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, কিশোর আহত 

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ২১:২৩

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতের পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন পারভেজ (১৫) নামে এক কিশোর। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার করমজা ও নাগডেমরা ও ধুলাউড়ি ইউনিয়নে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতরা হলেন-আকরাম (৪৪), আবু সাইদ (৪৭) ও আ. কুদ্দুস (৫৫)।

তাদের মধ্যে আকরাম হোসেন করমজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামানিকের ছেলে, আবু সাইদ নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে ও আ. কুদ্দুস ধুলাউড়ি ইউনিয়নের বারোয়ানী গ্রামের আ. গনি মোল্লার ছেলে।

তাছাড়া আহত পারভেজ সোনাতলা গ্রামের রাজার ছেলে। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, বিকালে আকরাম হোসেন তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে গেলে বজ্রপাত হয়। তবে তখন কোনো বৃষ্টি ছিল না। দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখতে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। একইদিন বিকেলে পার্শ্ববর্তী সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ উঠাতে গিয়ে আবু সাইদের বজ্রপাতে নিহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একইভাবে বসরোয়ানী মাঠে বজ্রপাতে পাওয়ারটিলার চালক আ. কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান।

করমজা ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাত হলে আবু সাইদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি খুবই সহজ সরল পরোপকারী ছিলেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না গণমাধ্যমকে বলেন, বিষয়টি আসলেই মর্মান্তিক। বজ্রপাতে যাদের মৃত্যু হয়েছে, পরিবারের লোকজন যোগাযোগ করলে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

ইত্তেফাক/এপি