ডেঙ্গু নিধন না হলে কেউ রেহাই পাবেন না :কাদের

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২২:০৫

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এটা হলো বাস্তবতা। তাই লোক দেখানো কর্মসূচি পালন বা ফটোসেশন না করে সত্যিকারের পরিচ্ছন্নতায় নামতে হবে। তা না হলে মন্ত্রী-এমপিসহ দায়িত্বপ্রাপ্ত কেউই রেহাই পাবেন না। আমরা চাই, ঢাকা সিটির প্রত্যেকটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান। নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এটা জানতে চেয়েছেন। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। নেত্রী কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে মনিটরিং করছেন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের অনেকের মাঠে না নামার তথ্য তার কাছে রয়েছে বলেও তিনি জানান।

গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের বিশেষ জরুরি বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অব্যাহত রাখতে ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা সিটিতে প্রতিদিনই নতুন নতুন রোগীর সংখ্যা বাড়ছে। আমরা যতই মুখে নিয়ন্ত্রণের কথা বলি না কেন, এখনো এটা নিয়ন্ত্রণে আসেনি। বাস্তবে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে। এডিস মশা ভয়ঙ্কর। এই এডিস মশা কারও চেহারার দিকে তাকায় না, আপনি কাউন্সিলর, আপনি নেতা, আপনি মন্ত্রী, এমপি, মেয়র—কোনো দিকেই তাকাবে না। এডিস মশা সুযোগ পেলে সবারই রক্ত খাবে। তাই সবাইকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আমাদের যে করণীয় তা পালন করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গু মোকাবিলায় আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে। মশার প্রজনন ধ্বংস করার পূর্ব শর্ত হচ্ছে পরিষ্কার ও পরিচ্ছন্নতা। তাই আমাদের পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রাখতে হবে। ডেঙ্গু মোকাবিলা কর্মসূচিটি আমরা সিনসিয়ারলি নিয়েছি। দেশের ও দলের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা এ কাজটি করব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চেয়েছেন কয়টা ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। আমরা দেখতে চাই ঢাকার কয়টা ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়। পরিচ্ছন্নতা কর্মসূচি একদিন করলে হবে না। প্রতিদিনই করতে হবে। যেসব ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেননি তারা শুরু করবেন, যারা করেছেন তারা এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবেন।

ঢাকার ১০৯টি ওয়ার্ডের মধ্যে কয়জন কাউন্সিলর ও কয়টি ওয়ার্ডের নেতাকর্মী যথাযথভাবে ডেঙ্গু মোকাবিলায় মাঠে নেমেছেন? এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমি চিহ্নিত করে লজ্জা দিতে চাই না। শুধু বলতে চাই, কমিটমেন্ট থেকে কাজটা করেন। শেখ হাসিনার নির্দেশ মেনে করতে হবে। কতজন নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন, জানতে চাইলে সভায় ১৩ জন হাত উঁচু করেন। এ সময় ওবায়দুল কাদের উষ্মা প্রকাশ করেন।