ইনজুরি কাটিয়ে ফিরলেও কিউইদের বিপক্ষে ওয়ানডেতে নেই হাসান-সাকিব

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৩:২৪

ঈদের আমেজ কাটিয়ে ফের ব্যাট-বলের লড়াইয়ে মেতে উঠেছেন ক্রিকেটাররা। হোম অব ক্রিকেট মিরপুরে সপ্তাহখানেক ধরেই চলছে টাইগারদের নিবিড় প্রস্তুতি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজকে সামনে রেখে এই কন্ডিশনিং ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। ফিটনেস ও ফিল্ডিং ড্রিলের ওপর বাড়তি জোর দিয়ে সাজানো এই অনুশীলনে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকেও পরখ করে নিচ্ছেন নির্বাচকরা।

তবে টাইগার সমর্থকদের জন্য মিশ্র খবর হলো, ইনজুরি কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে না দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবকে। মূলত সবশেষ সিরিজে পেস ইউনিটের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ওয়ানডে স্কোয়াডে কোনো রদবদল না করার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। জয়ের ছন্দ ধরে রাখতে ওয়ানডেতে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা শতভাগ।

ওয়ানডে সিরিজে জায়গা না পেলেও তানজিম সাকিবের জন্য সুখবর রয়েছে কুড়ি ওভারের ফরম্যাটে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওয়ানডে শেষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে এই তরুণ পেসারের। তবে হাসান মাহমুদকে সম্ভবত আরও কিছুটা সময় অপেক্ষায় থাকতে হচ্ছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল ঢাকা পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল মিরপুরে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচের পর ২৩ এপ্রিল চট্টগ্রামে হবে শেষ ওয়ানডে। এরপর দুই দল পাড়ি জমাবে টি-টোয়েন্টি লড়াইয়ে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুটি ম্যাচ শেষে ২ মে ঢাকায় শেষ টি-টোয়েন্টি দিয়ে পর্দা নামবে এই দ্বিপাক্ষিক সিরিজের।

ইত্তেফাক/কেএইচ