অন্তঃসত্ত্বার শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে চা বাগানে কর্মবিরতি, ব্যবস্থাপকের পদত্যাগ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৪:১৬

অন্তঃসত্ত্বা নারী চা শ্রমিক রিয়া বেগম (২২) বাগান ব্যবস্থাপকের কাছ থেকে চিকিৎসা সহায়তা না পাওয়ায় বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলেছেন শ্রমিকরা। এ ঘটনায় চা বাগানের শ্রমিকরা বৃহস্পতিবার (২ এপ্রিল) কর্মবিরতি পালন ও লাশ নিয়ে বিক্ষোভ করেন। চা শ্রমিকদের বিক্ষোভের মুখে বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শুক্রবারও বাগানের শ্রমিকদের একটি অংশ কর্মবিরতি পালন করে।

চা শ্রমিকরা জানান, দেওড়াছড়া চা বাগানের শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী রিয়া বেগম অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অসুস্থ হলে পরিবারের পক্ষ থেকে বাগান ব্যবস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়। তবে বাগান ব্যবস্থাপকের পক্ষ থেকে কোনো ধরনের চিকিৎসা সহায়তা করা হয়নি। পরে পরিবার সদস্যরা বাধ্য হয়ে গত ২২ মার্চ মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে তিন দিন চিকিৎসার পর রিয়া বেগমের অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে রিয়া বেগমের মৃত্যু হয়।

এই ঘটনার পর বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দেওড়াছড়া চা বাগানের শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।

আন্দোলনকারী চা শ্রমিকেরা বলেন, টাকার অভাবে বিনা চিকিৎসায় রিয়া বেগম গত বুধবার রাতে মারা গেছেন। বাগান ব্যবস্থাপকের কাছে সহায়তা চাওয়া হলেও তা পাওয়া যায়নি। 

তারা আরও বলেন, জহিরুল হক দেওড়াছড়া চা বাগানে ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তারা বাগানে একজন যোগ্য ব্যবস্থাপক নিয়োগের দাবি জানান।

এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী বলেন, চা বাগান কর্তৃপক্ষ দায় স্বীকার করেছে। আমরা চেয়েছিলাম বিষয়টি সমাধান করতে, কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা ব্যবস্থাপকের পদত্যাগ দাবি করেন। পরে ভারপ্রাপ্ত ব্যবস্থাপক পদত্যাগ করায় শ্রমিকরা আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যান।

এ বিষয়ে জানতে চেয়ে দেওড়াছড়া চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার জহিরুল হকের মোবাইল ফোনে কয়েক দফা চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ শুক্রবার সাংবাদিকদের জানান, দেওড়াছড়া চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জহিরুল হক নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। এ বিষয়ে অচিরেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ইতেফাক/এএইচপি