নদীতে ডুবে মৃত্যু: হাফেজ হওয়ার আশা পূরণ হলো না আব্দুলাহর

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৬:৩৮

জয়পুরহাটের আক্কেলপুরে তুলশীগঙ্গা নদী থেকে আব্দুল্লাহ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্ধুদের সঙ্গে গোসলে নামা ওই শিক্ষার্থী ‘ভালোভাবে সাঁতার না জেনে’ নদী পারাপারের চেষ্টার করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার রাজকান্দা-ঠেংগাপুর গ্রামের তুলশীগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।  এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নদীতে নেমে নিখোঁজ হন তিনি।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের ফারুক আহম্মেদের ছেলে এবং রাজকান্দা-ঠেংগাপুর কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ৪-৫ জন সহপাঠীকে নিয়ে মাদ্রাসার সামনে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নদীর এপার-ওপার সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে খোঁজাখুঁজি চালায়। দীর্ঘ সময় খুঁজেও তাকে না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়।

পরে আক্কেলপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর নদীর গভীর থেকে আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। এসময় দ্রুত তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার শিক্ষক হাফেজ গোলাম রাব্বী জানান, তারা সবাই নদীতে গোসল করতে গিয়েছিল। সাঁতার ভালোভাবে না জানায় এই দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ ১৮ পারা কোরআনের হাফেজ ছিল।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস। নদীর গভীর থেকে উদ্ধার শেষে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এপি