আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ডেঙ্গুর ভয়াবহতা সমগ্র জাতিকে নাড়া দিয়েছে। তাই আমরা সবাই সতর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলবই। ঐক্যবদ্ধ জাতি অতীতের মতো ডেঙ্গু পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মতিঝিল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও এডিস মশা ধ্বংসে জনগণকে সচেতন করতে ১৪ দল আয়োজিত তিন দিনের প্রচারপত্র বিলি ও শোভাযাত্রা কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অব্যাহত রাখুন, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলুন’ এই স্লোগানে আজ বুধবার বনানী ও নিকেতন এলাকায় এবং আগামীকাল বৃহস্পতিবার জিপিওর সামনে থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় এই কর্মসূচি পালন করা হবে।
মোহাম্মদ নাসিম বলেন, ডেঙ্গুর বিষয়ে জনগণ এখন সচেতন হয়ে গেছে। নিজেরা বাড়িঘর পরিষ্কার রাখছে। এটা শুধু এই মৌসুম নয়, সারা বছর এবং প্রতিদিনের জন্য অব্যাহত রাখতে হবে। দুই সিটি মেয়রের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু এখন একটি উদ্বেগের বিষয়। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এডিস মশা নিধনে মাঠে নামতে হবে। তিনি বলেন, এখন রাজনীতি করার সময় না। ঐক্যবদ্ধভাবে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে নামা প্রয়োজন। ঈদ যাত্রার বাস, ট্রেন, লঞ্চসহ সব স্থানে মশার ওষুধ স্প্রে করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পাড়া-মহল্লায় ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনা সৃষ্টি করুন। দয়া করে সবাই বাড়ি-ঘর পরিষ্কার রাখবেন।
সভাপতির বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণকে সচেতন করতে হবে। এডিস মশার উত্সস্থল ধ্বংস করতে হবে। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, এডিস মশা নির্মূলে সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, আমরা বিজয়ী জাতি। ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের বিজয়ী হতেই হবে। গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এডিস মশা নির্মূল করা হবে। গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, সবার বাড়ি-ঘর ও এর আশপাশ এলাকা নিজ উদ্যোগে পরিষ্কার রাখতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, বাসদের রেজাউর রশীদ খান, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান প্রমুখ।
