মির্জা ফখরুলসহ বিএনপির চার নেতাকে আত্মসমর্পণ করতে হবে

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ২২:০৭

সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার বিএনপি নেতাকে ছয় সপ্তাহের মধ্যে ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তাদের গ্রেফতার বা হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছে হাইকোর্ট।

পৃথক পৃথক জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। জামিন আবেদনকারী অপর তিন বিএনপি নেতা হলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়। এরা সকলেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর করা নালিশী মামলায় সোমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরই দলের শীর্ষ ঐ চার নেতা হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান। আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও এম মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম গোলাম মোস্তফা ও মো. রেজাউল করিম।