স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২০:০৭

আসন্ন জুনে ইংল্যান্ড ও ওয়েলসে বসতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর। বিশ্বমঞ্চের এই লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসদের এই মিশনে প্রতিপক্ষ হিসেবে থাকছে আয়োজক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস।

বিসিবি পরিচালক এবং নারী উইংয়ের প্রধান রুবাবা দৌলা আগেই এই সিরিজের কথা জানিয়েছিলেন। সম্প্রতি সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্ব নিশ্চিত করা বাংলাদেশ, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের জন্য যা বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ।

এডিনবার্গের ঐতিহ্যবাহী 'দ্য গ্রাঞ্জ ক্লাব' মাঠে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি হবে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলার সুযোগ পাবে। তবে এই প্রস্তুতি সিরিজে আলাদা করে কোনো ফাইনাল ম্যাচ রাখা হয়নি। আগামী ২৮ মে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হবে। 

তবে বাংলাদেশ তাদের মিশন শুরু করবে ৩০ মে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে। ৩১ মে নেদারল্যান্ডসের মুখোমুখি হবেন জ্যোতি-নাহিদা-মারুফারা। এরপর ২ জুন আবারও স্কটল্যান্ড এবং ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

ইত্তেফাক/জেডএইচ